বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে তিন দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার পর মেলার উদ্বোধন করেন তিনি।
আবাসন মেলায় আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশ নিয়েছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে তিনি মেলার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে, বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি দিবসটি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ সহকারী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, অনুষ্ঠান শুরুর আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপনার মতামত লিখুন :